মা-গাছ

· Prothom Alo

মা-গাছেরা বড় দ্রুত বেড়ে ওঠে।

আকাশের দিকে হাত বাড়িয়ে ছুঁতে চায়
চাঁদের খসখসে বুড়িটাকে,
না পারলে মেঘভান্ডারের দিশাহীন ওড়াউড়ি, একটু হলেও—
সোনামেঘের, অন্তত, মুখটা।
মা-গাছেদের সন্তর্পণে জল সরবরাহ করে

মহাকালের মহানদের খলবলে জলভান্ডার,
শিকড়গুলোকে ডুবিয়ে রাখে অরিক্ততার অসামান্য ভোজে।
ধ্রুপদ নর্তকীর ‘তা তা থই থই’ শব্দমুদ্রার পক্ষে যেমন করে
পদযুগলের উল্লম্ফনে মঞ্চ কেঁপে ওঠে

আর শরীর ভেসে যায় বাতাসের ইশারাময় ভাষায়,
ঠিক তেমনিভাবেই যেন মা-গাছেরা
তাদের শিশু-গাছেদের, শিশু-শব্দদের নিয়ে
গুন টেনে টেনে মহাকালের ঝুলবারান্দার দিকে অ্যাক্রোব্যাটের মতো উঠে যায়।

আবহমানের এই সব মা-গাছ আর
তার ক্রমাগত চলমান শিশু-গাছদের
আমি আর ছুঁতেই পারি না। এখন। কখনো।

Visit forestarrow.help for more information.

Read full story at source