তুরাগে আওয়ামী লীগের ৭ জনের লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ

· Prothom Alo

ঢাকার তুরাগ নদে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থক সাতজনের লাশ ভাসার যে খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে, তা ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে পুলিশ।

Visit asg-reflektory.pl for more information.

আজ শনিবার সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, ‘তুরাগ নদীতে ভাসছে আওয়ামী লীগ-ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ’ শিরোনামে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিত্তিহীন তথ্য প্রচার করে জনমনে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা চালানো হচ্ছে। প্রকৃতপক্ষে এ ধরনের কোনো ঘটনার খবর পাওয়া যায়নি। এ ধরনের মিথ্যা অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য সবার প্রতি বাংলাদেশ পুলিশ অনুরোধ জানাচ্ছে।’

জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর মধ্যে কার্যক্রম নিষিদ্ধ দলটি এবং এর সহযোগী সংগঠন নিষিদ্ধ ছাত্রলীগ বিভিন্ন স্থানে মিছিল বের করতে গেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিরোধের মুখে পড়ে। রাজধানীসহ বিভিন্ন স্থানে অনেকে গ্রেপ্তারও হন।

এর মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগ সমর্থক বিভিন্ন পেজ ও প্রোফাইল থেকে দাবি তোলা হয় যে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের সাতজনকে মিছিল থেকে আটকের পর হত্যা করে লাশ তুরাগ নদে ফেলে দেওয়া হয়েছে।

সেই খবর নাকচ করে পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে অপপ্রচারকারীদের হুঁশিয়ারও করা হয়।

এতে বলা হয়, ‘একটি মহল এ ধরনের বিভ্রান্তি ছড়িয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মনোবল নষ্ট করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। যারা এ ধরনের বিভ্রান্তি ছড়াচ্ছে, পুলিশ তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণে তৎপর রয়েছে। কেউ এ ধরনের অপপ্রচারে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণে পুলিশ প্রতিশ্রুতিবদ্ধ।’

Read full story at source