মঙ্গল গ্রহে প্রাচীন সভ্যতা থাকার দাবি ঘিরে নতুন বিতর্ক

· Prothom Alo

মঙ্গল গ্রহকে ঘিরে মহাকাশপ্রেমী ও গবেষকদের কৌতূহলের শেষ নেই। অতীতেও নাসার পাঠানো স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করে বিভিন্ন মুখরোচক দাবি উঠেছে, যার বেশির ভাগই বিজ্ঞানীদের ব্যাখ্যায় খণ্ডন করা হয়েছে। তবে মঙ্গল গ্রহের সিডোনিয়া অঞ্চলে অবস্থিত কিছু অদ্ভুত প্রাকৃতিক পাহাড়ি টিলাকে কেন্দ্র করে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। মঙ্গল গ্রহের কিছু শিলার গঠন মানুষের মুখের অবয়ব, পিরামিড ও প্রাচীন দালানকোঠার ধ্বংসাবশেষের মতো দেখা গেছে। আর তাই অ্যানসিয়েন্ট অ্যালিয়েন্স টিভি সিরিজের বিশ্লেষক জেসন মার্টেল দাবি করেছেন, নাসার অরবিটারের তোলা ছবিতে একটি উঁচু পাহাড়ি এলাকা এবং একটি সমতল অববাহিকার মধ্যে স্পষ্ট সীমানা দেখা গেছে। এটি কোনো প্রাচীন জলাশয়ের তীরের রেখা বা কোস্টলাইন হতে পারে।

Visit biznow.biz for more information.

মার্টেলের দাবি, এই সীমানা ধরে রহস্যময় কাঠামোগুলোর বিন্যাস পৃথিবীর প্রাচীন ও আধুনিক উপকূলীয় শহরগুলোর গড়ে ওঠার ধারণার সঙ্গে মিলে যায়। তিনি তার ব্লগে এই তথাকথিত সিডোনিয়া বসতিকে ভেনিস, আলেকজান্দ্রিয়া, আমস্টারডাম, সিঙ্গাপুর, দুবাই ও ম্যানহাটানের মতো পানিকেন্দ্রিক শহরের সঙ্গে তুলনা করেছেন। তাঁর মতে, মানুষের মুখসদৃশ কাঠামোটি এমন স্থানে তৈরি করা হয়েছিল, যেন তা থেকে পুরো জলাশয় ও পাশের শহর নজরদারি করা যায়। মানুষের সভ্যতায় পানি, বাণিজ্য ও যাতায়াতের সুবিধার্থে নদী বা সাগরের তীরে নগর গড়ে তোলার ইতিহাস থাকলেও মঙ্গলের ক্ষেত্রে এই দাবি সম্পূর্ণ চাক্ষুষ অনুমানের ওপর দাঁড়িয়ে আছে।

বিজ্ঞানীরা জানান, সম্পূর্ণ বিষয়টি ভৌগোলিক বিশ্লেষণের বদলে কেবল দৃষ্টিভঙ্গির ওপর ভিত্তি করে করা হয়েছে। অববাহিকার একটি সমতল অংশ থাকা মানেই সেখানে অতীতে সাগর বা হ্রদ ছিল, এমন কোনো তথ্য প্রমাণ করা যায় না। এ ছাড়া কোনো শিলাখণ্ড দেখে আমাদের মস্তিষ্ক পরিচিত অবয়ব বা মানুষের মুখ খুঁজে পাওয়ার যে প্রবণতা দেখায়, তাকে বিজ্ঞানের ভাষায় প্যারেডোলিয়া বলা হয়।

মার্টেল নিজেও স্বীকার করেছেন, তিনি কোনো ভূতত্ত্ববিদ নন এবং এই পরিবর্তনগুলো সত্যিই পানির কারণে হয়েছে কি না, তা নিশ্চিত করতে বিজ্ঞানীদের বিশ্লেষণের প্রয়োজন রয়েছে। আর তাই কোনো রাসায়নিক বা শিলাগত প্রমাণ ছাড়া মার্টেলের দাবিকে কেবল মহাকাশপ্রেমীদের কাল্পনিক ব্যাখ্যা হিসেবেই বিবেচনা করা হচ্ছে।

সূত্র: ডেইলি মেইল

Read full story at source