‘একদম হৃদয় দিয়ে গাইত ফরিদা’

· Prothom Alo

‘আমরা অনেক সময় গাইলে মনে হয়, মুখ থেকে গাই; কিন্তু ফরিদার লালনের গান শুনলে মনে হতো, একেবারে ভেতর থেকে গায়। গানের কথা উপলব্ধি করে গাইত। প্রতিটি লাইনের সারমর্ম বুঝে, গভীর থেকে, একদম হৃদয় দিয়ে গাইত ফরিদা।’ লালনসংগীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভীনকে এভাবেই স্মরণ করলেন অগ্রজ সংগীতশিল্পী ফেরদৌসী রহমান। তাঁদের সম্পর্ক ছিল পাঁচ দশকের বেশি সময়ের—বড় বোন আর ছোট বোনের মতো। আজ ফরিদা পারভীনের প্রথম মৃত্যুবার্ষিকী। প্রিয় শিল্পীকে হারানোর এক বছর পর তাঁর কণ্ঠ, সংগীতসাধনা ও ব্যক্তিজীবনের কথা বলতে গিয়ে স্মৃতিকাতর হয়ে পড়েন ফেরদৌসী রহমান।

Visit turconews.click for more information.

শিল্পী ও মানুষ ফরিদা পারভীনের মধ্যে কোনো অমিলও দেখেননি তিনি। ফেরদৌসী রহমান বলেন, ‘গানটা যেমন সহজ-সরল করে মিষ্টি ভাষায় গাইত, তেমনি জীবনটাও ছিল তার সহজ-সরল। কোনো ধরনের জটিলতা আমি পাইনি।’

দেখতে দেখতে ফরিদা পারভীনের চলে যাওয়ার এক বছর পূর্ণ হলো। এক বছর আগে প্রিয় এই শিল্পীকে হারিয়েছিল দেশের সংগীতাঙ্গন। ছেলে-মেয়েদের ইচ্ছা ছিল, মাকে কুষ্টিয়া পৌর শহরে নিয়ে গিয়ে তাঁর মা–বাবার কবরের পাশে সমাহিত করবেন। শেষ পর্যন্ত তাঁদের সেই ইচ্ছাই পূরণ হয়। কুষ্টিয়া পৌর কবরস্থানে চিরনিদ্রায় শায়িত আছেন ফরিদা পারভীন।

গানের টানে একসময় দেশের নানা প্রান্ত থেকে বিশ্বের বিভিন্ন দেশে ছুটে বেড়িয়েছেন এই শিল্পী। এক বছর ধরে তিনি নেই, তবে থেমে নেই তাঁর গান কিংবা সংগীতচর্চার প্রতিষ্ঠান। ঢাকার তেজগাঁওয়ে তাঁর প্রতিষ্ঠিত ‘অচিন পাখি সংগীত একাডেমি’তে এখনো শিক্ষার্থীরা গেয়ে চলেছেন তাঁর প্রিয় গান। প্রায় ১৭ বছর আগে জীবনসঙ্গী গাজী আবদুল হাকিমকে সঙ্গে নিয়ে ফরিদা পারভীন প্রতিষ্ঠা করেন অচিন পাখি সংগীত একাডেমি। সেখানে লোকগান, নজরুলসংগীত, আধুনিক ও শাস্ত্রীয় সংগীতের পাশাপাশি ছবি আঁকা, গিটার ও তবলা শেখানো হয়। বর্তমানে প্রায় ৮০ জন শিক্ষার্থী সেখানে তালিম নিচ্ছেন। তিন বছর বয়সী শিশু থেকে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা—বিভিন্ন বয়সের মানুষ রয়েছেন তাঁদের মধ্যে।

এক বছর ধরে ফরিদা পারভীনের কণ্ঠে কোনো গান শোনা যায় না। তবে তাঁর গাওয়া গান, শেখানো সুর, লালনের বাণী ও সংগীতসাধনার উত্তরাধিকার বহন করছেন অচিন পাখি সংগীত একাডেমির শিক্ষার্থীরা। শিল্পীর অনুপস্থিতিতে সেই উত্তরাধিকার এগিয়ে নেওয়ার দায়িত্ব এখন গাজী আবদুল হাকিমের কাঁধে। ফরিদা পারভীনকে ছাড়া এক বছর ধরে প্রতিষ্ঠানটি সামলাচ্ছেন তিনি। গাজী আবদুল হাকিম বলেন, ‘ফরিদা পারভীনের শূন্যতা তো কোনো দিন পূরণ হওয়ার নয়। তবে তাঁর স্বপ্ন বাস্তবায়নের জন্য আমরা কাজ করে যাচ্ছি। তিনি চাইতেন, বাংলা লোকগান পৃথিবীর আনাচকানাচে সুন্দরভাবে ছড়িয়ে পড়ুক। অচিন পাখি সংগীত একাডেমির শিক্ষার্থীদের মধ্য দিয়ে তাঁর সেই স্বপ্ন ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি।’

আগে দুজন মিলে প্রতিষ্ঠানটি চালাতেন। এখন একাই সব সামলাতে হচ্ছে জানিয়ে গাজী আবদুল হাকিম বলেন, ‘প্রতিষ্ঠানটি পরিচালনা করতে অনেক খরচ হয়। তারপরও যত দিন আমার পক্ষে সম্ভব, তত দিন এটি চালিয়ে যাব।’

ফরিদা পারভীন

নাটোরের সিংড়ায় জন্ম ফরিদা পারভীনের। ছোটবেলায় মাগুরায় ওস্তাদ কমল চক্রবর্তীর কাছে গানে তাঁর হাতেখড়ি। পরে বিভিন্ন গুণীজনের কাছে তালিম নেন। ১৯৬৮ সালে রাজশাহী বেতারের তালিকাভুক্ত নজরুলসংগীতশিল্পী নির্বাচিত হন তিনি। স্বাধীনতার পর কুষ্টিয়ায় থাকার সময় লালনসংগীতের সঙ্গে তাঁর গভীর যোগ তৈরি হয়। ১৯৭৩ সালে মোকছেদ আলী সাঁইয়ের কাছে ‘সত্য বল সুপথে চল’ গান শেখার মধ্য দিয়ে শুরু হয় লালনের গানে তাঁর নিবিড় সাধনা। পরে খোদা বক্স সাঁই, ব্রজেন দাস, বেহাল সাঁই, ইয়াছিন সাঁই ও করিম সাঁইয়ের কাছেও তালিম নেন। লালনের বাণী ও সুর সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে ফরিদা পারভীনের অবদান অনন্য। সংগীতে অবদানের স্বীকৃতি হিসেবে ১৯৮৭ সালে একুশে পদক পান ফরিদা পারভীন। ১৯৯৩ সালে অন্ধ প্রেম চলচ্চিত্রের ‘নিন্দার কাঁটা’ গানের জন্য অর্জন করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

বিউটি, সালমাদের নিয়ে সেই সাক্ষাৎকারে যা বলেছিলেন ফরিদা পারভীন

আজকের স্মরণ আয়োজন
প্রথম মৃত্যুবার্ষিকীতে ফরিদা পারভীনকে স্মরণ করে বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও সংগীত প্রতিষ্ঠান বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে। আজ রোববার বাংলাদেশ বেতারে প্রচারিত হবে তাঁকে নিয়ে এক ঘণ্টার বিশেষ অনুষ্ঠান। দুপুরে সরাসরি সম্প্রচারিত এই অনুষ্ঠানে ফরিদা পারভীনের গান গাইবেন নাসরিন আক্তার বিউটি ও সাজিয়া সুলতানা পুতুল। বাঁশি বাজাবেন গাজী আবদুল হাকিম।

সকালে চ্যানেল আইয়ে প্রচারিত হবে ফরিদা পারভীনকে নিয়ে বিশেষ অনুষ্ঠান গান দিয়ে শুরু। সেখানে বাঁশি বাজানোর পাশাপাশি শিল্পীকে নিয়ে স্মৃতিচারণা করবেন গাজী আবদুল হাকিম। অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে শোনানো হবে ফরিদা পারভীনের গান।
আজ সন্ধ্যায় অচিন পাখি সংগীত একাডেমিতেও থাকছে স্মরণ আয়োজন। এতে একাডেমির কর্মকর্তা ও শিক্ষার্থীরা ফরিদা পারভীনের জীবন ও সংগীতে তাঁর অবদান নিয়ে কথা বলবেন। এর বাইরেও কয়েক দিন ধরে তাঁকে স্মরণ করে চলছে নানা আয়োজন। ২৬ সেপ্টেম্বর ঢাকার ধানমন্ডি ২৭ নম্বরের একটি মিলনায়তনে ফরিদা পারভীনের গান ও জীবন নিয়ে আরেকটি অনুষ্ঠান হবে বলে জানিয়েছেন গাজী আবদুল হাকিম।

Read full story at source