সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের নামে ভুয়া মন্তব্য প্রচার
· Prothom Alo

‘লুটপাট করেছে ওরা (নাহিদ-আসিফরা), আর নাম দিয়েছে আমার। ইউনূস সরকারে গিয়ে ভুল করেছি।’ সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল সাংবাদিক খালেদ মুহিউদ্দীনের উপস্থাপনায় আয়োজিত একটি টক শোতে এমন মন্তব্য করেছেন—এমন দাবি ছড়িয়ে দেওয়া হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
তবে যাচাই করে দেখা গেছে, খালেদ মুহিউদ্দীনের টক শোতে আসিফ নজরুল এমন কোনো মন্তব্য করেননি। টক শোটির পুরো ভিডিও পর্যালোচনা করেও দাবিটির পক্ষে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
Visit asg-reflektory.pl for more information.
প্রচারিত দাবিটির সত্যতা যাচাইয়ে ইউটিউবে ‘ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ চ্যানেলে ১০ সেপ্টেম্বর প্রচারিত টক শোটির ভিডিওটি পর্যালোচনা করা হয়।
লিংক: এখানে
টক শোতে ৫ আগস্টের জুলাই অভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠন প্রসঙ্গে নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ভূমিকা নিয়ে কথা বলেন। তবে কোথাও আসিফ নজরুলকে ‘লুটপাট করেছে ওরা (নাহিদ-আসিফরা), আর নাম দিয়েছে আমার’ কিংবা ‘ইউনূস সরকারে গিয়ে ভুল করেছি’—এমন কোনো মন্তব্য করতে শোনা যায়নি।
শুধু ওই অংশ নয়, পুরো ১ ঘণ্টা ১৬ মিনিট ৪৭ সেকেন্ডের টক শো পর্যালোচনা করে নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বা ইউনূস সরকারকে নিয়ে প্রচারিত দাবির মতো কোনো মন্তব্য পাওয়া যায়নি।
ভিন্ন বক্তব্যের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে ভুয়া দাবি
প্রচারিত ভিডিওটির উৎস অনুসন্ধান করতে গিয়ে ‘News Time 240’ নামের একটি ফেসবুক পেজে একই টক শোর ১০ মিনিট ২৯ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ পাওয়া যায়। প্রতিবেদন লেখা পর্যন্তে ভিডিওটি দেখা হয়েছে ২৫ লাখ বার। প্রতিক্রিয়া পড়েছে ৮৫ হাজারের অধিক, মন্তব্য পড়েছে ৬ হাজারের বেশি এবং ভিডিওটি শেয়ার হয়েছে ১৭ হাজার বার।
ভিডিওটির স্ক্রিনে লেখা রয়েছে, ‘লুটপাট করেছে ওরা নাম দিয়েছে আমার। ইউনূসের সরকারে গিয়ে ভুল করেছি। আসিফ নাহিদকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিল আসিফ নজরুল।’
ভিডিওটিতে নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ফুটেজও যুক্ত করা হয়েছে। অথচ ‘ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’-এর ওই টক শোর পুরো সময়ে অতিথি হিসেবে ছিলেন শুধু আসিফ নজরুল।
একই পেজে আগেও ছড়ানো হয় ভুয়া দাবি
২৪ হাজার ফলোয়ার থাকা ‘News Time 240’ পেজটির কার্যক্রম পর্যালোচনা করে দেখা যায়, সেখানে বিভিন্ন ভিডিও ক্লিপের সঙ্গে ভুয়া বা বিভ্রান্তিকর দাবি যুক্ত করে প্রচার করা হচ্ছে। পেজটির তথ্য অনুযায়ী, ‘News Time 240’ নামে পেজটি ২৮ ফেব্রুয়ারি ২০২৩ সালে তৈরি করা হয়। পরে পেজটির নাম পরিবর্তন করে ‘New Waz Protidin’ রাখা হয়। সর্বশেষ ৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে পেজটি আবার ‘News Time 240’ নামে ফিরে আসে।