সেন্ট পল স্কুল অ্যান্ড চার্চ থেকে চুরি হওয়া ঘণ্টা উদ্ধার

· Prothom Alo

মোহাম্মদপুরের সেন্ট পল স্কুল অ্যান্ড চার্চ থেকে চুরি হওয়ার ২৬ ঘণ্টা পর উদ্ধার করা হয় প্রায় ৭০ কেজি ওজনের পিতলের এই ঘণ্টা। ২ অক্টোবর, ২০২৬

রাজধানীর মোহাম্মদপুরের আসাদ অ্যাভিনিউর সেন্ট পল স্কুল অ্যান্ড চার্চ থেকে চুরি হওয়ার ২৬ ঘণ্টা পর প্রায় ৭০ কেজি ওজনের একটি পিতলের ঘণ্টা অক্ষত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে মোহাম্মদপুরের জাকির হোসেন রোডের একটি ডাস্টবিনের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় ঘণ্টাটি উদ্ধার করা হয়।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হালিম জানান, আসাদ অ্যাভিনিউয়ে ওয়াসা ভবনের বিপরীতে অবস্থিত সেন্ট পল স্কুল অ্যান্ড চার্চের দ্বিতীয় তলার খোলা জায়গায় ঘণ্টাটি রাখা ছিল। গত বুধবার দিবাগত রাত ১২টার পর কোনো এক সময় অজ্ঞাতপরিচয় চোরেরা সেটি নিয়ে যায়। পরদিন ভোর সাড়ে চারটার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে চুরি যাওয়া ঘণ্টা উদ্ধার ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশের একাধিক দল অভিযানে নামে।

Visit tr-sport.bond for more information.

ওসি বলেন, পুলিশের সাঁড়াশি অভিযানের মুখে চোরেরা ঘণ্টাটি রাস্তায় ফেলে পালিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে। পরে গভীর রাতে জাকির হোসেন রোডের ডাস্টবিনের পাশে একটি সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় ঘণ্টাটি পাওয়া যায়।

চুরির আগে রাত ১২টা ৩ মিনিট থেকে গির্জার সিসিটিভি ক্যামেরার রেকর্ডিং বন্ধ ছিল জানিয়ে আবদুল হালিম বলেন, বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি আশপাশের বিভিন্ন ভবনের সিসিটিভি ক্যামেরার ভিডিও ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার করা ঘণ্টাটি বর্তমানে মোহাম্মদপুর থানা হেফাজতে আছে এবং এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।

Read full story at source