সোনিয়ার আত্মকথায় ক্লিনটন, প্রিন্সেস ডায়ানাকে নিয়ে কী লিখলেন

· Prothom Alo

কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর চোখে ধরা পড়েছিল মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সুন্দরীপ্রীতি। সদ্য প্রকাশিত আত্মকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’-এ সেই কথা লিখতে কুণ্ঠাবোধ করেননি সোনিয়া। ক্লিনটন সম্পর্কে তাঁর সরস মন্তব্য, ‘স্বভাব যা না মলে’।

Visit asg-reflektory.pl for more information.

যুক্তরাষ্ট্রের ৪২তম প্রেসিডেন্ট ছিলেন বিল ক্লিনটন। ১৯৯৩ থেকে ২০০১ সাল পর্যন্ত টানা আট বছরের শাসনামলে তিনি আনুষ্ঠানিক সফরে ভারতে এসেছিলেন ২০০০ সালে। তাঁর সম্মানে আয়োজিত অভ্যর্থনা অনুষ্ঠানে সোনিয়াও আমন্ত্রিত ছিলেন। আত্মকথায় সেই অনুষ্ঠানের বর্ণনা দিয়েছেন সোনিয়া।

মেয়ে চেলসিকে নিয়ে সরকারি প্রতিনিধিদলের সঙ্গে ক্লিনটন উঠেছিলেন মৌর্য শেরাটন হোটেলে। সোনিয়া লিখেছেন, ‘সেই সময় আমি আমাদের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ওর হোটেলে গিয়েছিলাম দেখা করতে। ক্লিনটন ছিলেন বন্ধুত্বপূর্ণ, অনানুষ্ঠানিক এবং আত্মবিশ্বাসে ভরপুর। তবে আমাদের কথা শোনার চেয়ে তিনি নিজের মতামত ও ভবিষ্যদ্বাণী শোনাতেই বেশি আগ্রহী ছিলেন। যেমন কাশ্মীর সম্পর্কে তিনি বলেছিলেন, ওটা একটা পারমাণবিক সংঘাতের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। কাশ্মীর পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক স্থানগুলোর অন্যতম।’

সোনিয়া আরও লিখেছেন, ‘তত দিনে মনিকা লিউনস্কি কেলেঙ্কারি বেশ কিছুটা স্তিমিত হয়ে এসেছে। কিন্তু ওই যে কথায় আছে না, “স্বভাব যায় না মলে”, সেটা তাঁকে দেখে বেশ বোঝা গিয়েছিল। প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ী সফররত মার্কিন প্রেসিডেন্টের সম্মানে যে অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করেছিলেন, সেখানে আমি উপস্থিত ছিলাম। লক্ষ করছিলাম, অনুষ্ঠান চলাকালে ক্লিনটন মাঝেমধ্যেই উপস্থিত সুন্দরী রমণীদের দিকে আড়চোখে তাকাচ্ছিলেন। পুরোনো স্বভাব কি অত সহজে যায়?’

শুধু বিল ক্লিনটনই নন, সোনিয়ার নজর থেকে বাদ যাননি ফরাসি প্রেসিডেন্ট নিকোলাস সারকোজিও।

ফরাসি প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি ২০০৮ সালে ভারত সফরে এসেছিলেন। সেই সফরে সারকোজি সঙ্গে আনেননি তাঁর তৎকালীন সঙ্গিনী কার্লা ব্রুনিকে।

সোনিয়া লিখেছেন, ‘ব্রুনিকে সারকোজি সঙ্গে আনেননি; কারণ, তখনো তাঁদের বিয়ে হয়নি। শোনা গিয়েছিল, বিয়ে না হওয়ায় সরকারি অনুষ্ঠানে অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি হতে পারে, সেটাই ছিল তাঁর সঙ্গিহীন ভারত সফরের কারণ। সারকোজিকে নাকি সেই পরামর্শ দেওয়া হয়েছিল। নৈশভোজের টেবিলে বসে আমি কিন্তু বেশ মজা পেয়েছিলাম। সারকোজির পাশে বসেছিলেন আমাদের তৎকালীন উপরাষ্ট্রপতি মোহাম্মদ হামিদ আনসারির স্ত্রী। তিনি অত্যন্ত আন্তরিকভাবে সারকোজিকে তাঁর বিয়ের পরিকল্পনা নিয়ে নানা রকম প্রশ্ন করছিলেন।’

ভারতের রাজস্থানে গ্রামের নারীবেষ্টিত তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন। ২৩ এপ্রিল ২০০০, রাজস্থান

কেমন ধরনের প্রশ্ন, সোনিয়া তা–ও লিখেছেন। যেমন, ‘আপনি কি বিয়ে করতে চলেছেন? যদি করেন তবে কখন, কোন তারিখে? বিয়ের তারিখ কি ঠিক হয়েছে? আপনি কি কার্লাকে মিস করছেন?’

সোনিয়া লিখেছেন, ‘প্রেসিডেন্ট সারকোজিকে দেখে একবারও মনে হয়নি, তিনি এসব প্রশ্ন শুনে বিচলিত বোধ করছেন। বরং দেখছিলাম, নিজের প্রেমের খুঁটিনাটি জানাতে তিনি বেশ আগ্রহী। সারকোজি উত্তর দিচ্ছিলেন ও মুঠোফোনে অবিরাম কার্লাকে খুদে বার্তা পাঠাচ্ছিলেন।’

সোনিয়ার সঙ্গে সারকোজির আবার দেখা হয়েছিল বছর কয়েক পর। প্রধানমন্ত্রী মনমোহন সিং ও তাঁর স্ত্রীর দেওয়া এক ব্যক্তিগত নৈশভোজের আসরে।

সোনিয়া লিখেছেন, ‘তত দিনে সারকোজি-কার্লা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। দুজনে এক সঙ্গেই নৈশভোজের আসরে এসেছিলেন। কার্লা ইতালি ও ফরাসি বংশোদ্ভূত। লম্বা ও সুন্দরী। সারকোজি যে তাঁর সুন্দরী স্ত্রীর প্রতি গভীরভাবে আকৃষ্ট, তা বোঝা যাচ্ছিল। কার্লা ছিলেন ইউরোপের এক জনপ্রিয় গায়িকা ও গীতিকার এবং শীর্ষস্থানীয় মডেল।’

ভারত সফরে স্ত্রী কার্লা ব্রুনির সঙ্গে তৎকালীন ফরাসি প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি। ৬ ডিসেম্বর ২০১০, নয়াদিল্লি

সোনিয়া লিখেছেন, ‘কার্লা যখন এক মার্জিত লম্বা গাউন পরে ঢুকলেন, সবার চোখ তখন ছিল তাঁর দিকে। তিনি ছিলেন অপূর্ব সুন্দরী, ছিপছিপে, স্বভাবে সংযত এবং নীল চোখের অধিকারিণী। সৌজন্যপূর্ণভাবে কথা বলছিলেন তিনি। যদিও খুব বেশি কথা বলছিলেন না। তুলনায় তাঁর স্বামী সারকোজি বিভিন্ন বিষয়ে একটানা নিজের মতো জাহির করে যাচ্ছিলেন। ভারতের প্রধানমন্ত্রীকে তিনি বোঝানোর চেষ্টা করছিলেন, ভারতের কী করা উচিত। আমার মনে হয়েছিল, তাঁর কথাবার্তা কিছুটা উদ্ধত ছিল। তিনি যেন ভুলেই গিয়েছিলেন, যাঁর সঙ্গে কথা বলছিলেন তিনি তাঁর চেয়ে বয়সে বড়, অভিজ্ঞতায় এগিয়ে এবং জ্ঞানে অনেক বেশি সমৃদ্ধ।’

ব্রিটিশ রাজ পরিবারের সদস্যদের সঙ্গে নিজের সাক্ষাৎ ও কথোপকথনও সোনিয়া তাঁর আত্মকথায় বিস্তারিতভাবে স্মরণ করেছেন। বিশেষ করে লিখেছেন, প্রিন্সেস ডায়ানার কথা।

সোনিয়া লিখেছেন, ‘বহু প্রজন্ম ধরেই ব্রিটিশ রাজপরিবারের কয়েকজন সদস্যের সঙ্গে আমাদের পরিবারের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। রাজীবের সঙ্গেও প্রিন্স চার্লসের সম্পর্ক ছিল মধুর। ওই পরিবারের প্রকৃত তারকা ছিলেন অবশ্যই প্রিন্সেস ডায়ানা। লম্বা ছিপছিপে গড়ন ছিল তাঁর। বড় বড় নীল চোখ। মনভোলানো হাসি। আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারিণী ছিলেন তিনি।’

স্মৃতিচারণায় সোনিয়া লিখেছেন, ‘১৯৮১ সালে রাজীব ও আমি তাঁদের বিয়েতে উপস্থিত ছিলাম। নববধূ হিসেবে ডায়ানাকে কী যে অপরূপ দেখাচ্ছিল, কোনো দিন ভুলতে পারব না। কিন্তু ১৯৯২ সালে তাঁরা যখন ভারত সফরে এলেন, তখনই বোঝা গিয়েছিল তাঁদের দাম্পত্যের সবকিছু ঠিকঠাক চলছে না।’

সোনিয়া লিখেছেন, ‘তাজমহলের সামনে যে বেঞ্চে বসে সবাই ছবি তোলেন, তাঁকে আমি প্রেমের বেঞ্চ বলি। সেই বেঞ্চে একা বসে ডায়ানা সেই বিখ্যাত ছবিটা তুলেছিলেন। সেদিনই বিকেলে তাঁরা আমাদের বাড়িতে চা খেতে এসেছিলেন। প্রিন্স চার্লস ছিলেন খোলামেলা ও রসিক। কিন্তু ডায়নাকে সেদিন কিছুটা বিষণ্ন দেখাচ্ছিল। যদিও উজ্জ্বল লাল ও বেগুনি রঙের এক পোশাক পরেছিলেন। সেই পোশাকে তাঁকে অপরূপ সুন্দর দেখাচ্ছিল। ভারত সফরে তিনি কী কী দেখলেন, কোন বিষয়গুলো তাঁর ভালো লেগেছিল, তা নিয়ে আমরা কথা বলেছিলাম।’

সেই সময় সোনিয়ার মা ভারতে ছিলেন। ডায়ানার সঙ্গে দেখা করতে তিনি খুব আগ্রহী ছিলেন। প্রিয়াঙ্কাও চাইছিলেন তার ‘নন্না’র (মায়ের মা বা নানি) সঙ্গে যেন রাজকুমারীর পরিচয় করিয়ে দেওয়া হয়।

ভারত সফরের সময় তাজমহলের সামনে ছবি তোলেন প্রয়াত প্রিন্সেস ডায়ানা

সোনিয়া লিখেছেন, ‘ডায়ানা জানতে চেয়েছিলেন, আমার মা এত চুপচাপ কেন। উত্তরটা প্রিয়াঙ্কা দিয়ে বলেছিল, তাঁকে কথা বলতে বারণ করে দেওয়া হয়েছে। কারণ, তিনি শুধু ইতালীয় ভাষাতেই কথা বলেন। সে কথা শুনে ডায়ানা হেসে উঠেছিলেন। তারপর মায়ের দিকে হাত বাড়িয়ে ইতালীয় ভাষায় বলেছিলেন, পিয়াচেরে, কোমে স্তাই? অর্থাৎ আপনার সঙ্গে আলাপ করে ভালো লাগল। কেমন আছেন?’

সঠিক ইতালীয় উচ্চারণে কথাটি বলেছিলেন ডায়ানা। সোনিয়া লিখেছেন, তাঁর কথার উষ্ণতা ও আন্তরিকতায় আমরা মুগ্ধ ও আপ্লুত হয়েছিলাম।

সোনিয়া আরও লিখেছেন, ‘চা পান ও আরও কিছুক্ষণ গল্প করার পর আমরা তাঁদের গাড়ি পর্যন্ত এগিয়ে দিতে গিয়েছিলাম। যেতে যেতে মাঝপথে থমকে পেছনে ফিরে আমার মাকে হাত নেড়ে ডায়ানা বলেছিলেন, চাও নন্না। মানে, বিদায় নানি।’

ডায়ানার সঙ্গে শেষ সাক্ষাতের স্মৃতিচারণাও করেছেন সোনিয়া। সেই মোলাকাত হয়েছিল লন্ডনের এক সেলুনে। সোনিয়া লিখেছেন, ‘আমি হেয়ারড্রেসারের কাছে গেছি। হঠাৎ দেখি পাশেই এক পরিচিত মুখ। আমি এক টুকরা কাগজে ‘হাই’ লিখে তাঁর দিকে বাড়িয়ে দিলাম। কিন্তু পর মুহূর্তেই বুঝলাম, ‘Hi’ না লিখে আমি ‘Hye‘ লিখে ফেলেছি। ততক্ষণে দেরি হয়ে গেছে। ডায়ানাও হাসি মুখে চিরকুটটি হ্যান্ডবাগে রেখে দিয়েছেন। সেই পরিচিত হাসি নিয়ে আমার দিকে তাকালেন। আমরা নিচু স্বরে দু–চারটি কথা বলেছিলাম। কেউ-ই চাইনি, অন্যদের দৃষ্টি আমাদের দিকে ঘুরে যাক। সেটাই ছিল আমাদের শেষ সাক্ষাৎ।’

সোনিয়া বলেছেন, প্রয়াত রাজকুমারীকে নিয়ে অনেক কিছু লেখালেখি হয়েছে। হাজার আলোচনা হয়েছে। এমনকি এখনো তাঁর জীবন, বিয়ে, সন্তান ও অন্য অনেক বিষয় নিয়ে টেলিভিশন ধারাবাহিক তৈরি হচ্ছে। সেই সময় ডায়ানাকে নিয়ে কত সমালোচনাই না হয়েছিল। বলা হতো, তিনি নাকি আদুরে। অভিযোগপ্রবণ। তাঁর তো সব কিছুই ছিল। তাহলে কেন এমন ধরনের আচরণ করছিলেন, যাতে মনে হয় তাঁর প্রতি অন্যায় করা হয়েছে?

সোনিয়া লিখেছেন, আগাগোড়া তিনি কিন্তু ডায়ানার প্রতি সহানুভূতি অনুভব করেছেন। এখনো করেন।

Read full story at source