এক ছেলের জানাজার সময় এল আরেক ছেলের মৃত্যুর খবর

· Prothom Alo

রাত তখন প্রায় আটটা। আগুনে পুড়ে মারা যাওয়া এক কিশোরের জানাজার প্রস্তুতি চলছিল স্থানীয় মসজিদের মাঠে। এর মধ্যেই খবর আসে হাসপাতালে চিকিৎসাধীন তার বড় ভাইয়েরও মৃত্যু হয়েছে। এই খবর পাওয়ার পর তড়িঘড়ি করে শেষ হয় ছোট ভাইয়ের জানাজা। এরপর তাকে দাফন শেষে স্বজনেরা হাসপাতালে ছুটে যান অপর ভাইয়ের মরদেহ আনতে।

Visit mwafrika.life for more information.

গতকাল সোমবার রাতে কক্সবাজারের চকরিয়া পৌরসভার করাইয়াঘোনা এলাকায় ঘটে এমন ঘটনা। আগুনে পুড়ে মারা যাওয়া দুই কিশোর হলো ওমর ফারুক (১৩) ও মোহাম্মদ আবদুল্লাহ (১৪)। তারা ওই এলাকার ফজলে কাদের আর আরেফা সিদ্দিকা দম্পতির সন্তান। তারা দুজনই পবিত্র কোরআনের হাফেজ। মা–বাবার স্বপ্ন ছিল, বড় হয়ে দুই ছেলে ধর্মীয় শিক্ষায় আরও এগিয়ে যাবে। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না।

স্থানীয় সূত্র জানায়, গত রোববার রাতে ঘরের ভেতরে দুই ভাই দগ্ধ হয়। দুজনে একই বিছানায় পাশাপাশি ঘুমিয়ে ছিল। অগ্নিকাণ্ডে তাদের থাকার ঘরটিও পুড়ে ছাই হয়ে গেছে। দগ্ধ অবস্থায় উদ্ধার করে দুই ভাইকে রোববার রাতেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল ভোরে ছোট ভাই ওমর ফারুক মারা যায়। রাত আটটার দিকে গ্রামের মসজিদের মাঠে তার জানাজার প্রস্তুতির সময় বড় ভাই মোহাম্মদ আবদুল্লাহর মৃত্যুর খবর আসে।

রোববার রাতে ঘুমানোর আগে দুই ভাই স্টিলের বাটিতে কয়লা জ্বালিয়ে পাঞ্জাবি ইস্তিরি করেছিল। পরদিন স্থানীয় বহদ্দারকাটা এলাকায় একটি মাহফিলে যাওয়ার কথা ছিল তাদের। ইস্তিরি শেষে কয়লার আগুন যথাযথভাবে নেভানো হয়নি। পরে সেই আগুন থেকে কাপড় কিংবা কম্বলে আগুন লেগেছে বলে সবার ধারণা।

যেভাবে আগুনের সূত্রপাত

স্থানীয় বাসিন্দা, প্রত্যক্ষদর্শী ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, রোববার রাতে ঘুমানোর আগে দুই ভাই স্টিলের বাটিতে কয়লা জ্বালিয়ে পাঞ্জাবি ইস্তিরি করেছিল। পরদিন স্থানীয় বহদ্দারকাটা এলাকায় একটি মাহফিলে যাওয়ার কথা ছিল তাদের। ইস্তিরি শেষে কয়লার আগুন যথাযথভাবে নেভানো হয়নি। পরে সেই আগুন থেকে কাপড় কিংবা কম্বলে আগুন লেগেছে বলে সবার ধারণা।

আগুনে দগ্ধ অবস্থায় দুই ভাইকে উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা। এরপর তাদের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসক দুজনকেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল ভোরে ওমর ফারুক এবং রাত আটটার দিকে আবদুল্লাহ মারা যায়।

সরেজমিনে আজ সকালে দেখা যায়, করাইয়াঘোনা এলাকায় রেললাইনের কাছে নির্মিত টিনের বেড়া ও টিনের চালার ছোট ঘরটি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। বাসিন্দারা জানান, বাড়ির পাশের জায়গাটি খোলা থাকায় বাতাসে মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে।

ফজলে কাদের, কক্সবাজারের চকরিয়ার বাসিন্দাআমার কত দুর্ভাগ্য, এক ছেলের জানাজার প্রস্তুতির সময় আরেক ছেলের মৃত্যুর খবর শুনেছি। আমি বেঁচে আছি, এটাই বড় মিরাকল।

জানতে চাইলে প্রতিবেশী জাফর আলম বলেন, বাড়িটিতে বিদ্যুতের সংযোগ ছিল না। টিনের চালায় ছিদ্র থাকায় বৃষ্টি ঠেকাতে পলিথিনের ছাউনি দেওয়া হয়েছিল। পলিথিনের কারণেও আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পাশের বাড়ি হওয়ায় তিনিই প্রথম এগিয়ে যান। একটি ছেলেকে কোলে করে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন তিনি।

জাফর আলম আরও বলেন, ‘একটি ছেলেকে যখন কোলে নিয়ে হাসপাতালে যাচ্ছিলাম, তখন তার শরীরের পোড়া চামড়া আমার কাপড়ে লেগে গিয়েছিল। তখন খুব কষ্ট লাগছিল। তীব্র যন্ত্রণা সয়ে ছেলে দুটি মারা গেল।’

‘বেঁচে আছি, এটাই মিরাকল’

ওমর ফারুকের দাফন শেষ হয় রাত নয়টার দিকে। আজ মঙ্গলবার সকাল সাড়ে সাতটায় জানাজা হয় বড় ছেলে আবদুল্লাহর। একসঙ্গে বেড়ে ওঠা দুই ভাইকে করাইয়াঘোনা মসজিদ কবরস্থানে পাশাপাশি দাফন করা হয়েছে।

আজ সকালে কথা হয় দুই কিশোরের বাবা ফজল কাদেরের সঙ্গে। কান্না করতে করতে তিনি প্রথম আলোকে বলেন, রাতে তিনি বাড়িতে ছিলেন না। তাঁর স্ত্রীও অসুস্থ। ছেলেরা নিজেরাই স্টিলের বাটিতে কয়লা জ্বালিয়ে পাঞ্জাবি ইস্তিরি করেছিল। অসতর্কতাবশত আগুন পুরোপুরি না নিভিয়ে ঘুমিয়ে পড়ে। পরে মশারি, কম্বল কিংবা কোনো কাপড়ে আগুন লেগে যায়। আগুনে পুড়ে গেছে পুরো ঘর।

কথাগুলো বলতে বলতে থেমে যান ফজল কাদের। এরপর বলেন, ‘আমার চার ছেলে। তাদের মধ্যে দুজন হাফেজ হয়েছে। বাকি দুজন এখনো ছোট। আমার দুঃখ ঘোচার সময় তারা চলে গেল। আমার কত দুর্ভাগ্য, এক ছেলের জানাজার প্রস্তুতির সময় আরেক ছেলের মৃত্যুর খবর শুনেছি। আমি বেঁচে আছি, এটাই বড় মিরাকল।’

ফজলে কাদেরের সঙ্গে যখন কথা হয়, তখন বাড়ির একটি ঘর থেকে কান্নার শব্দ ভেসে আসছিল। সেটি দুই ছেলের মা আরেফা সিদ্দিকার। বুক চাপড়ে কাঁদতে কাঁদতে আঞ্চলিক ভাষায় তিনি বলছিলেন, ‘ও পুত, আঁরে হনে ভাত রাঁধি হাবাইবো। আঁরে হনে ওষুধ হাবাইবো। আঁর দুওয়া কোরআনর পাখি আল্লাহ লই গিইয়ই। আঁই ক্যানে থাইক্কুম।’ (আমাকে এখন কে ভাত রান্না করে খাওয়াবে? কে ওষুধ খাওয়াবে? আমার দুটো কোরআনের পাখি আল্লাহ নিয়ে গেছেন। আমি আর কীভাবে বাঁচব?)

স্থানীয় বাসিন্দা ও চকরিয়া কোরক বিদ্যাপীঠের শিক্ষক আসমা উল হোসনা বলেন, ফজল কাদেরের অভাবের সংসার। স্থানীয় মসজিদে ইমামতি করেন তিনি। সেই আয় দিয়েই ছয়জনের সংসার চলত। রেললাইনের পাশে খাসজমিতে ঘর করে বসবাস করতেন তাঁরা। এক দুর্ঘটনায় পরিবারটির সবকিছু শেষ হয়ে গেল।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক শাহীন দেলোয়ার বলেন, কয়লার আগুন থেকেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে পরিবারটিকে কিছু আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। আরও সহায়তা দেওয়ার চেষ্টা চলছে।

Read full story at source