দক্ষিণ আফ্রিকার ড্রেসিংরুমে ‘বাবাদের রাজত্ব’
· Prothom Alo

বাংলাদেশ–দক্ষিণ আফ্রিকা দুই টেস্টের সিরিজে বারবারই দেখা গেছে দৃশ্যটা। মাঠে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের কেউ ভালো করছেন, সঙ্গে সঙ্গেই গ্যালারিতে বসে থাকা কোনো শিশুর মুখে ক্যামেরা। বেশির ভাগ সময়ই দেখানো হয়েছে তাদের, যাদের বাবারা মাঠে করেছেন দুর্দান্ত কিছু।
Visit newsbetsport.bond for more information.
ক্রিকেটে বাবাদের সাফল্য উদ্যাপনের এমন দৃশ্য নতুন কিছু নয়। তবে দক্ষিণ আফ্রিকার সাম্প্রতিক টেস্ট দলকে দেখলে মনে হবে, গ্যালারিতে শিশুদের উপস্থিতি এখন আর বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। বরং দলের একটা বড় অংশের জীবনেই নতুন এই অধ্যায় যোগ হয়েছে। কেউ সদ্য বাবা হয়েছেন, কারও সন্তান একটু বড় হচ্ছে, কারও পরিবারে আবার নতুন অতিথি আসার অপেক্ষা।
আনরিখ নর্কিয়ারই যেমন তিন সন্তান, যার দুজন আবার যমজ। টেম্বা বাভুমা, এইডেন মার্করাম, সাইমন হারমার, লুঙ্গি এনগিডি, জেরাল্ড কোয়েটজি ও কেশব মহারাজেরও সন্তান আছে। ডেন প্যাটারসনের দুই সন্তান। সেঞ্চুরিয়নে বাবার ১৫০ রানের ইনিংসের পর গ্যালারিতে হাততালি দেওয়া তাঁর ছেলে মার্কেস অ্যাকারম্যানের ছেলে জ্যাকও এখন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটের পরিচিত মুখ।
দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্টে দ্রুততম দেড় শ রান করেছেন অ্যাকারম্যানএতগুলো শিশুর উপস্থিতিতে দলের ক্রিকেটারদের জীবনেও নিশ্চয়ই এসেছে নানা পরিবর্তন। অনুশীলন, ম্যাচ, ভ্রমণ আর ক্রিকেট নিয়ে ব্যস্ততার বাইরে এখন তাঁদের অনেকেরই আলাদা একটা পৃথিবী আছে। সেখানে তাঁদের পরিচয় জাতীয় দলের ক্রিকেটার হিসেবে নয়, শুধুই বাবা হিসেবে।
দক্ষিণ আফ্রিকার সাম্প্রতিক সাফল্যের সঙ্গে এই পরিবর্তনের একটা যোগসূত্র খুঁজে পাচ্ছেন অলরাউন্ডার উইয়ান মুল্ডার। তাঁর মতে, বাবা হওয়ার পর ক্রিকেটাররা দৈনন্দিন চাপকে অন্যভাবে দেখতে শিখেছেন। একটা ম্যাচ খারাপ গেলে যে দুশ্চিন্তা তাঁদের গ্রাস করত, এখন বাড়ি ফেরার পর সেটি আর অতটা বড় হয়ে থাকে না।
বুধবার সেঞ্চুরিয়নে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্ট জিতে সিরিজ ২-০ ব্যবধানে শেষ করেছে দক্ষিণ আফ্রিকা। ইনিংস ও ২১৯ রানের সেই জয়ে ৭ উইকেট নিয়ে ম্যাচের অন্যতম নায়ক মুল্ডার সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আমরা ক্রিকেট ও নিজেদের কাজকে অনেক বেশি গুরুত্ব দিই। কখনো কখনো এটা আপনাকে গ্রাস করে ফেলে। একটা ম্যাচ খারাপ খেললেই নিজের ওপর সন্দেহ তৈরি হয়।’
ক্রিকেটারদের জন্য এই সন্দেহটা পরিচিত। একটা ব্যর্থতার পরই প্রশ্ন ওঠে, পরের ম্যাচে কী হবে, নিজের জায়গা থাকবে তো, সমালোচনার জবাব দেওয়া যাবে তো? কিন্তু বাড়ি ফিরে সন্তানকে কোলে নেওয়ার পর এসব প্রশ্নের কোনো অর্থ থাকে না। সন্তান বাবার রান, উইকেট কিংবা ম্যাচের ফলাফল নিয়ে মাথা ঘামায় না। তার কাছে বাবার উপস্থিতিটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
মুল্ডারের মুখ থেকেই তা শুনুন, ‘সন্তান থাকলে বাড়ি ফেরার পর তারা এটা নিয়ে ভাবে না যে আপনার দিনটা ভালো গেছে, নাকি খারাপ। আপনি তাদের সময় দিতে পারছেন কি না, সেটাই তাদের কাছে গুরুত্বপূর্ণ।’
এখানেই বাবা হওয়ার প্রভাবটা দেখেন মুল্ডার। ক্রিকেটারদের জীবনে মাঠের বাইরের একটা জগৎ তৈরি হয়, যেখানে প্রতিদিনের পারফরম্যান্সের বিচার নেই। ক্রিকেটের ব্যর্থতা কিংবা সাফল্য দিয়ে সেই সম্পর্কের মূল্য নির্ধারিত হয় না। ফলে মাঠের চাপকে মাঠের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতাও কমে।
২০২৪ সালের আগস্টের পর থেকে ১৯ টেস্টের ১৭টিতে জিতেছে দক্ষিণ আফ্রিকা। গত বছর লর্ডসে অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপাও জিতেছে তারা। এতগুলো জয়ের পেছনে অবশ্যই ক্রিকেটীয় দক্ষতা, পরিকল্পনা ও দলীয় সংহতির ভূমিকাই বেশি। কিন্তু মুল্ডারের মতে, দলের ভেতরের পরিবেশেও একটা পরিবর্তন এসেছে।
তাঁর কথায়, ‘আমরা বাইরের কোলাহল থেকে দূরত্ব রক্ষা করার চেষ্টা করি। এ কারণেই নিয়মিতভাবে ভিন্ন ভিন্ন ক্রিকেটার দায়িত্ব নিয়ে পারফর্ম করতে পারছে। নিজের রেকর্ড কিংবা নতুন রেকর্ড গড়ার চেয়ে দলের অংশ হওয়াটা আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ।’
দক্ষিণ আফ্রিকার কোচ শুকরি কনরাডও বিষয়টি বেশ উপভোগ করছেন। দলের ক্রিকেটারদের সন্তানদের সংখ্যা এত বেশি যে তাঁদের নিয়ে রসিকতা করে নিজেকে ‘দাদা’ বলে পরিচয়ও দিয়েছেন তিনি। কনরাডের সংবাদ সম্মেলনে এখন ক্রিকেটের পাশাপাশি আলোচনায় আসে কার সন্তান রাতে ঘুমিয়েছে, কার সন্তান ঘুমায়নি।
তবে বাবা হওয়ার পর ক্রিকেটারদের মধ্যে যে পরিণতবোধ আসে, সেটিকে কেবল পারিবারিক আনন্দের বিষয় হিসেবে দেখছেন না কনরাড। তাঁর বিশ্বাস, জীবনের বাস্তব চাপ সামলানোর অভিজ্ঞতা ক্রিকেটের চাপ সামলাতেও সাহায্য করে।
কনরাডের ভাষায়, ‘ছোট্ট সন্তান আসার পর ছেলেরা আরও ভালো ক্রিকেটার হয়ে ওঠে। কারণ, তখন তারা জীবনের সত্যিকারের চাপগুলো আরও ভালোভাবে সামলাতে শেখে। ক্রিকেটের চাপের তুলনায় জীবনের অন্য চাপগুলো তাদের অনেক কিছু শেখায়।’
শেবাগের দুই ছেলে: বড় ভাই আর্যবীর অধিনায়কত্বে ৭ উইকেট শিকার ছোট ভাই বেদান্তর