‘পূজার সাজ’ লিখে লেহেঙ্গার সাবেকি লুকে ধরা দিলেন ভাবনা

· Prothom Alo

শারদীয় উৎসবের আমেজে জমকালো এথনিক সাজে ধরা দিয়েছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। পূজার সর্বজনীন আনন্দ ও উৎসবের আবহকে বরণ করে নিতেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিশেষ এই সাজের ছবি প্রকাশ করেছেন তিনি।

অভিনয়ের পাশাপাশি ফ্যাশন নিয়েও নানা নিরীক্ষা করতে ভালোবাসেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। কখনো সাবেকি পোশাকে, কখনো আধুনিক পশ্চিমা সাজে—বিভিন্ন ধরনের লুকে সামাজিক যোগাযোগমাধ্যমে হাজির হন তিনি।

Visit librea.one for more information.

এবার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এথনিক সাজের ছবি প্রকাশ করেছেন এই অভিনেত্রী। ছবির ক্যাপশনে লিখেছেন, ‘পূজার সাজ’।

ভাবনার এই সাজের মূল আকর্ষণ গাঢ় লাল ও মেরুনের মিশেলে তৈরি লেহেঙ্গা। পোশাকের বেনারসি স্কার্ট অংশজুড়ে রয়েছে সোনালি জরির কারুকাজের ফুলেল মোটিফ।

স্লিভলেস ব্লাউজের ডিপ ভি-নেকের নকশা আর মিনিমাল সিকুইনের কাজ সাজে এনেছে আধুনিকতার ছোঁয়া। লেহেঙ্গার সঙ্গে মাথায় জড়ানো নেটের ওড়নাটি পুরো সাজে যোগ করেছে সাবেকি আবহ।

ভাবনার উৎসবের সাজে বিশেষভাবে নজর কাড়ছে  তাঁর গয়না। গলায় পরেছেন কুন্দন, মুক্তা ও পাথরের কাজ করা নেকলেস। এতে ঝুলছে গাঢ় সবুজ পুঁতি।

সঙ্গে মানানসই দুল, হাতে চওড়া সোনালি বালা এবং আঙুলে বড় স্টেটমেন্ট আংটি। মাঝখানে সিঁথি করা চুলে টিকলির সাজে ফুটে উঠেছে ঐতিহ্যবাহী সাজের ছোঁয়া।
মেকআপে ভাবনা বেছে নিয়েছেন মভ রঙের লিপস্টিক, গালে ব্লাশ, চোখে টানা আইলাইনার ও শিমারি আইশ্যাডো। ত্বকের উজ্জ্বলতা ফুটিয়ে তুলেছে ডিউই মেকআপ।

খোঁপা করা চুলে গোঁজা গোলাপ ফুল পুরো সাজে যোগ করেছে কোমলতা। লাল লেহেঙ্গা,  গয়না আর ফুলের সমন্বয়ে ভাবনার পূজার সাজে একসঙ্গে ধরা দিয়েছে আধুনিকতা ও সাবেকিয়ানা।

ছবি: ইন্সটাগ্রাম

Read full story at source